জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২০২৪ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশে নতুন রেকর্ড গড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ৪২ কর্মদিবসে ফল প্রকাশ করে তারা একটি অনন্য নজির স্থাপন করেছে।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এই তথ্য প্রকাশ করে। গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে ১৮ মে শেষ হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের সরকারি ছুটি থাকলেও খাতা মূল্যায়ন ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, দ্রুত ফল প্রকাশ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ও শিক্ষার্থীবান্ধব রূপান্তরের প্রতিফলন। তিনি স্বচ্ছতা বজায় রেখে ফল প্রকাশের জন্য প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম জানান, ঈদের ছুটির পরও খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতির কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতে আরও কম সময়ে ফল প্রকাশের লক্ষ্যে কাজ করার কথা জানান।
দ্রুত ফল প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। তারা জানান, আগে ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন দ্রুত ফল প্রকাশ হওয়ায় পরবর্তী বর্ষের প্রস্তুতি সহজ হয়েছে।