June 21, 2026, 8:11 pm

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খানকে নিজ পদে পুনর্বহাল

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের দেওয়ানগঞ্জের সুনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ  মো. মোতালেব হোসেন খানকে তার নিজ পদে পুনর্বাহাল করেছে অত্র মাদ্রাসার গভর্নিং বডি।  ২০ জুন (শনিবার) বিকেলে মাদ্রাসার গভর্নিং বডির  নিয়মিত সভায় তাকে পুনর্বহাল করা হয়। এরপর মাদ্রাসার  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খানের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

এর আগে ১৫ জুন ২০২৬ স্বাক্ষরিত  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক পত্রের মাধ্যমে  মাদ্রাসার অধ্যক্ষ মোতালেব হোসেন খানের বেতন-ভাতা প্রদান,  এবং কর্তব্য কাজে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে  মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো: তৌফিকুল ইসলামকে পত্র প্রেরণ করে।  ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত গত ১৫ জুনের সেই পত্রে বিস্তারিত  নির্দেশনা দেওয়া হয়।

পত্রে উল্লেখ করা হয়েছে, অধ্যক্ষ মো. মোতালেব হোসেন খান গত ৭ জুন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি আবেদন করেন। আবেদনে তিনি তাঁর বকেয়া বেতন-ভাতা প্রদান এবং কর্মস্থলে পুনরায় যোগদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা,হেনস্থার শিকার হওয়া অধ্যক্ষ /শিক্ষকদের বেতন ভাতা প্রদানের বিষয়ে জারিকৃত শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ, ও বিশ্ববিদ্যালয়ের একাধিক নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় মোতালেব হোসেন খানের বেতন ভাতা প্রদান ও কর্তব্য কাজে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিশ্ববিদ্যালয়ের সেই পত্রের অনুলিপি জামালপুরের জেলা প্রশাসক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিদ্যোৎসাহী সদস্য, ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে। আরবি বিশ্ববিদ্যালয়ের সেই পত্রের নির্দেশনা বাস্তবায়নের জন্য, ২০ জুন বিকেলে গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা বাস্তবায়নের এই বিষয়টি তুলে ধরেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি। দীর্ঘ আলোচনা পর্যালোচনা শেষে মো: মোতালেব হোসেন খান কে তার স্বীয় পদে পুনর্বহালের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এরপর তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ সময় গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর  মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রেরিত পত্রের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা

সবাই পরিচালনা পরিষদের মিটিং করে তাকে তার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটি সর্বসম্মত ভাবে বাস্তবায়িত হয়েছে। সম্পূর্ণরূপে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে কাজটি সম্পন্ন হয়েছে।

দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোতালেব হোসেন খান বলেন, ৫ই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে ১২ আগস্ট আমার উপর জুলুম করা হয়েছিল, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আমার দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটিয়ে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইস্যুকৃত পত্রের নির্দেশনা মোতাবেক আমাকে মাদ্রাসার পরিচালনা পরিষদ আমাকে নিজ পদে পুনর্বহাল করেছে। আমি দীর্ঘদিন পর ন্যায় বিচার পেয়েছি। এখন থেকে প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার কাজে মনোনিবেশ করব।

উল্লেখ্য, গত ১২ আগষ্ট ২০২৪ সালে সংঘটিত এক মব এর মাধ্যমে তাকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছিল। এরপর থেকে তিনি নিজ পদ ফিরে পেতে আইনি প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। অবশেষে ২০ জুন তিনি নিজ পদে পুনর্বহাল হলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা