June 21, 2026, 8:27 pm

বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ২

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃতরা হলেন বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামালপুর জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি-১ এর সদস্যরা শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বিদেশি মদ বহনের সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

ডিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুজনকে আদালতে পাঠানো হয়।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা