দেশের বিভিন্ন শিল্প-কারখানা ও কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং যথাযথ তদারকির অভাবে শ্রমিকদের প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন মোঃ হোসাইন।
এক বিবৃতিতে তিনি বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইন ও বিধিমালা থাকলেও অনেক প্রতিষ্ঠান তা যথাযথভাবে অনুসরণ করছে না। ফলে অগ্নিকাণ্ড, যন্ত্রপাতির ত্রুটি, ভবন নিরাপত্তাহীনতা এবং সুরক্ষা সরঞ্জামের অভাবে শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা যথাযথ তদন্তের পরিবর্তে গোপনে মীমাংসার চেষ্টা করা হয়, যার ফলে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না। এতে ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়।
পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন শ্রমিকদের জীবন ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর নজরদারি বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি শিল্প-প্রতিষ্ঠানে নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করা, নিয়মিত পরিদর্শন পরিচালনা করা এবং দুর্ঘটনার ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
তিনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। তাঁর মতে, শ্রমিকদের জীবন রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা টেকসই শিল্প উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।