মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার ॥
জামালপুরের বকশীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আইনাল হক নামে দরিদ্র এক কৃষকের ক্ষেতে বিষ প্রয়োগ করে পাট পোড়ানোর অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সবদুল শেখের ছেলে কৃষক আইনাল হক জানান,দীর্ঘদিন যাবত জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী আনোয়ার,আতিকুর ও আবদুস সালাম গংদের সাথে তার বিরোধ চলে আসছে। সালাম গংরা তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করেছেন। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। শালিসে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি হলেও সালাম গংরা শত্রুতা পোষন করতে থাকে। এর আগেও তার ফসলি জমিতে বিষ দিয়েছেন তারা। তাদের বাড়ির পাশে ৩৩ শতাংশ জমিতে পাট চাষ করেছেন আইনাল। ফলনও অনেক ভালো হয়েছিল। শনিবার সকালে সেই পাট ক্ষেতে বিষ প্রয়োগ করেন সালাম,আনোয়ার ও আতিকুর গংরা। বিষ প্রয়োগের ফলে ক্ষেতের সমস্ত পাট পুড়ে গেছে।
তবে অভিযুক্ত আবদুস সালামের দাবি নিজেদের ক্ষেতে তারা নিজেরাই বিষ দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।
ইউপি সদস্য শাহীন আলম বলেন,তাদের বিরোধ দীর্ঘদিনের। আইনালের ক্ষেতে এর আগেও বিষ দেয়ার ঘটনা ঘটেছে। এ কেমন শত্রুতা। এটা অবশ্যই জঘন্য কাজ এবং অপরাধ। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার দাবি জানান তিনি।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন,অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।