গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। শনিবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ১০ তলা এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ এক প্রেস রিলিজ এর মাধ্যমে জানায়, মাদক নির্মূলে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ তলা এলাকায় চেকপোস্ট স্থাপন করে।
এসময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন সোহেল রানা (৩৭)। তিনি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক সোহেল রানা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।