গাজী সোহেল।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (৪ মে ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে সোনাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মমিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সোনাপুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁও থানা পুলিশ জানায়, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।