নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া (২৫) নিহতের ঘটনায় জড়িত অন্যতম আসামি শাকিল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেফতারে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে জনআস্থা অর্জন করেছে র্যাব।
মামলার তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার টাওরা পশ্চিমপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসুম মিয়ার ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাসুম মিয়া ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
জানা যায়, মাসুম মিয়া ও ভোলাবো এলাকার রাজু সৌদি আরবে একসঙ্গে অবস্থানকালে তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল। দেশে ফেরার পর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার দিন মাসুম মিয়া মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া সড়কে রাজুসহ শাকিল ও অন্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
ঘটনার পর রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিকে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে র্যাব-১১ নারায়ণগঞ্জ সদর কোম্পানি ও র্যাব-১ উত্তরা’র যৌথ অভিযানে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন (উত্তরা উত্তর) এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার সন্দেহভাজন আসামি শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
নিজস্ব প্রতিনিধি :