April 3, 2026, 4:01 pm

ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, প্রতিবাদ জানালেন ওসি খন্দকার নাসির উদ্দিন

গাজীপুরের কালিয়াকৈর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন তার বিরুদ্ধে প্রকাশিত “জব্দ করা ঘোড়া গোপনে বিক্রি” সংক্রান্ত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তিনি জানান, সম্প্রতি কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ মার্চ উদ্ধার করা ৯টি ঘোড়া থানা হেফাজতে থাকা অবস্থায় গোপনে ৮টি বিক্রি করা হয়েছে। তবে বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

ওসি নাসির উদ্দিনের ভাষ্য অনুযায়ী, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে যথাযথ নিয়ম মেনে একটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং নির্ধারিত সময় অনুযায়ী ৩০ মার্চ প্রকাশ্য নিলামের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি সম্পন্ন হয়। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি বিধি অনুসারে ব্যাংকে জমা করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নিলাম প্রক্রিয়া শুরুর আগেই তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। ফলে তার বিরুদ্ধে “গোপনে বিক্রি” করার অভিযোগটি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং অসত্য।

এছাড়া, গাজীপুর জেলার পুলিশ সুপারের পক্ষ থেকেও এ ধরনের কোনো মন্তব্য বা অভিযোগ করা হয়নি বলেও তিনি দাবি করেন। অথচ সংবাদে বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

প্রতিবাদে তিনি বলেন, একটি স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে ভিন্নভাবে উপস্থাপন করে তার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর কাছে সঠিক তথ্য যাচাই করে বিভ্রান্তিকর সংবাদ সংশোধন বা প্রত্যাহারের আহ্বান জানান এবং ভবিষ্যতে একপেশে তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা