সিলেটে পেট্রোল পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নেতারা।
কমিটির সভাপতি জুবায়ের আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ এই ধর্মঘটের ডাক দিয়ে তারা জানান, পাম্পগুলোতে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘনঘন হিসাব নেওয়া, পুলিশ নিয়োগ এবং ছয়টি পাম্পে বড় অংকের জরিমানা আদায়ের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে সিলেট বিভাগের সিএনজি ও এলপিজিসহ কোনো পাম্পই মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের প্রতিনিধিরা চাইলে পাম্প চালাতে পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই। মূলত প্রশাসনের কঠোর নজরদারি ও জরিমানাকে ‘হয়রানি’ মনে করছেন তারা। এমন পরিস্থিতি নিরসনে সন্ধ্যা থেকে কয়েকজন মালিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করলেও কোনো সুরাহা হয়নি। এরপরই রাতেই বৈঠক করে পেট্রোল পাম্প মালিকদের পক্ষ থেকে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়।