বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান ঘটাতে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই চার্জ সম্পূর্ণ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে দিতে হয়। গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের দাম পরিশোধের পরও কেন বছরের পর বছর এই চার্জ দিতে হচ্ছে।
এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।