May 25, 2026, 3:30 pm

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড: পুড়ল ৩ দোকান, নিহত ২

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকায় কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল বিপণিকেন্দ্রে অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘর পুড়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)। তাদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়।

বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে বিপণিকেন্দ্রটির চতুর্থ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ইউনুস, সোলাইমানসহ আরও একজন গুরুতর দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেরিবাজারের আগুনের ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, লালদীঘি সড়কের টেরিবাজার এলাকায় অবস্থিত কে বি অর্কিড প্লাজা ভবনটিতে বিভিন্ন দোকানপাট ও একটি বাণিজ্যিক ব্যাংকের কার্যালয় রয়েছে। স্থানীয়রা জানান, সকালে ভবনের চতুর্থ তলার ওয়েস্টার্ন টেইলার্স থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে টেরিবাজার এলাকার বিপণিবিতানগুলোতে সাধারণত ব্যাপক ভিড় থাকে। তবে ঈদের ছুটি শুরু হওয়ায় সকালে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবুও আগুনের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাগুলো থেকে বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন।
ডেস্ক রিপোর্টার ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা