নিজস্ব প্রতিনিধি
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার (৪ মার্চ) সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শন করে অফিসের সময়ানুবর্তিতা ও সেবা ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “সকাল ৯টায় অফিস খোলার কথা থাকলেও তা হয়নি। একজন কর্মকর্তা পৌনে দশটায় এবং আরেকজন দশটার পরে অফিসে পৌঁছেছেন। এ বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী ব্যবস্থা নেব।”
প্রতিমন্ত্রী আরও জানান, “সারা দেশের প্রতিটি ভূমি অফিসেই নানা সমস্যা বিদ্যমান। মানুষের অভিযোগ, সেবা দানের ঘাটতি এবং দুর্নীতির বিষয়গুলো সবচেয়ে প্রাধান্য পাচ্ছে। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বিষয়গুলো তদন্ত করার চেষ্টা করছি।”
তিনি বলেন, “এখানে দেখেছি যে সেবা গ্রহীতারা কর্মকর্তাদের কাছ থেকে সঠিক তথ্য পাচ্ছে না। কোন কাজ করতে কত সময় লাগবে তা পরিষ্কারভাবে জানানো হচ্ছে না। এক কথায়, এখনও আমলাতান্ত্রিক মনোভাব বিরাজ করছে। প্রজাতন্ত্রে কর্মকর্তাদের জনগণের সঙ্গে যে সংযোগ থাকা উচিত, তা নেই। আমরা সমস্যাগুলো খতিয়ে দেখব এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। এই পরিদর্শনের কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।”