November 20, 2026, 8:49 pm

ভূমিমন্ত্রীর বাসভবন এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে মিজানুর রহমান মিনুর বাসভবন এলাকায় পটকা ফাটিয়ে পালানো এক তরুণকে খুঁজছে পুলিশ। এ নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ফেসবুক পেইজে ওই তরুণের সাম্ভাব্য ছবিও পোস্ট করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির ফেসবুক পেইজে সম্ভাব্য তরুণের ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই ছেলেটি পটকাবাজ। কেউ চিনে থাকলে দ্রুত তথ্য দিয়ে ধরিয়ে দিন।’
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফাটিয়ে পালিয়ে যায় ওই তরুণ। পাশের ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পুলিশসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পটকা মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে অভিযুক্ত তরুণকে ঝাপসা দেখা যায়।
নগরীর চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা ফাটিয়ে পালিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছেলেটিকে খুঁজছি, তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলার যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পবার আমান কোল্ড স্টোরেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পবা থানার ওসি আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, মানজাল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার এবং বিএনপি অফিসে ককটেল হামলার মামলায় শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা