September 3, 2026, 6:23 pm

নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা: মাদক-কিশোর গ্যাংসহ সকল অপরাধ নির্মূল করে শান্তিপূর্ণ জেলা উপহার দেবেন নবাগত এসপি

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কাছে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলসহ সকল অপরাধ দমনের মাধ্যমে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলাবাসী।

আজ বৃহস্পতিবার অপরাহ্ণে দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা নতুন এসপির কাছে এ প্রত্যাশা করেন বলে সূত্র থেকে জানা যায়।

জেলাবাসীর পক্ষ থেকে বলা হয়, শিল্প-বাণিজ্যের প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধ নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

এ প্রসঙ্গে এক সুশীল সমাজের প্রতিনিধি বলেন, “আমরা চাই পুলিশ জনবান্ধব হবে। পূর্বের ন্যায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত সেবা পায় সেটিই আমাদের মূল চাওয়া।”

জেলার ব্যবসায়ী নেতারা জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা রোধে পুলিশের দ্রুত ও পেশাদার হস্তক্ষেপ প্রয়োজন। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং প্রতিরোধেও বিশেষ উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন তারা।

দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করব। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে এবং পাশাপাশি জেলাবাসীর সহযোগিতা পেলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার চেষ্টা করা হবে।”

উল্লেখ্য, ২৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলাবাসী আশাবাদী, নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তার সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে নারায়ণগঞ্জ জেলাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ জেলা হিসেবে উপহার দিতে পারবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা