সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে গতকাল বুধবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আশির মিয়া হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌরশহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ দামোধরতুপী গ্রামে অভিযান চালিয়ে আশির মিয়াকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে সিএনজিতে তোলার সময় আসামির স্বজনরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামিকে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। পরে হাতকড়া অবস্থায়ই আসামি লাইভে এসে নিজেকে জানান দেয়।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম হাতকড়া অবস্থায় পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাঁচতে পারবে না।