গাজী সোহেল :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিয়াম নামের এক যুবককে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আবদুল মতিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (১৩ জুলাই) বিকেলে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
গ্রেপ্তার মতিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণ্দী ইউনিয়নের লস্করদী গ্রামের বাসিন্দা এবং মৃত সেরাজ উদ্দিনের ছেলে। এই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি তিনি।
মামলার এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বুধবার আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণ্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সিয়াম, দেলোয়ার ও মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিয়ামের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন ৯ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিয়াম লস্করদী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিহত সিয়ামদের সঙ্গে গ্রেপ্তার মতিনের জমি নিয়ে বিরোধ চলছিল। কিছুদিন আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছিল, তবে তাতে বিরোধের নিষ্পত্তি হয়নি। এর জেরে গত বুধবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় নিহতের বাবা মুক্তার হোসেন (৫৫) বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, গোপন সংবাদ ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল গতকাল বিকেল ৬টার দিকে নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে মতিনকে গ্রেপ্তার করে। এর আগে গত ১১ জুলাই এই মামলার আরেক আসামি, এজাহারনামীয় ৭ নম্বর আসামি হিরণকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার মতিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।