July 11, 2026, 7:12 pm

বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরের প্রস্তুতি চলছে

বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরের প্রস্তুতি চলছে

বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সফর করতে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরটি সফল করতে প্রশাসন এবং দলের নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন।

সরকারের মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। শুক্রবার (১০ জুলাই) রাত আটটায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।

কর্মীসভায় তথ্যমন্ত্রীর মোবাইল ফোনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আগামী ১৩ জুলাই গৌরনদী সফরে সবার সঙ্গে সরাসরি সাক্ষাতের কথা জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সফর সফল করার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রস্তুতি ও সমন্বয় সভা করছেন। তিনি ইতোমধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন।

কর্মীসভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা