June 24, 2026, 7:46 am

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার ডুমুরিয়ায় অসাবধানতাবশত পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে তামিম খান (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম খান স্থানীয় মেছাগোনা গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের শ্রমিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে তামিম খান একটি চিংড়ি ফার্মে পানি সেচের মোটর চালানোর কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি পাশের একটি মুরগির ফার্মে ডিজেল আনতে যান। ওই মুরগির ফার্মের চারপাশে চোর ও শেয়ালের উপদ্রব ঠেকাতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ দিয়ে তারের বেড়া দেওয়া ছিল। মুরগির ফার্মে ঢোকার সময় অসাবধানতাবশত তামিম ওই বৈদ্যুতিক তারের সাথে স্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়। এরপর সুরতহাল রিপোর্ট (প্রাথমিক তদন্ত প্রতিবেদন) তৈরি শেষে পুলিশ লাশ টি ডিসপোজাল করেছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা