June 20, 2026, 7:51 pm

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন এসিল্যান্ড, কুপিয়ে জখম করল ডাকাতেরা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে ডাকাতরা পার্শ্ববর্তী একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী–আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। শুক্রবার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসেছিলেন। এ সময় ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে সাকিব হাছান খাঁনসহ মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের হামলায় সহকারী কমিশনারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলার সময় ডাকাতেরা তাদের কাছ থেকে কোনো মালামাল নিতে পারেনি বলে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতেরা চলে যাওয়ার সময় যাকে সামনে পেয়েছে, তাকে কুপিয়ে পালিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা