মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধান মাড়াইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যানের সংযোগ থেকে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ঘটনাস্থলেই রোপন মিয়া গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।