June 16, 2026, 9:32 am

জামালপুরে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় যুবক

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।

সোমবার দিবাগত রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা বিওপির ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

সীমান্ত সূত্রে জানা যায়, রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা তাকে আটক করেন এবং জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও নিজের সঠিক পরিচয় ও ঠিকানা দিতে পারেননি। পরে বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় ফিরিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক ব্যক্তি বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে আমরা ও বিজিবি সদস্যরা বাধা দিই। সে নিজেকে বাংলাদেশি দাবি করলেও কোনো ঠিকানা জানাতে পারেনি।’

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, বিএসএফ এখন কৌশল পরিবর্তন করে দুর্গম সীমান্ত এলাকা দিয়ে পুশইনের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় ওই এলাকায় একজনকে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তা ব্যর্থ হয়। তিনি আরও বলেন, বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান করছেন এবং সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা