June 3, 2026, 5:46 pm

পাঁচবারের এমপি ও আওয়ামী লীগের প্রবীণ নেতা রহমতুল্লাহ মারা গেছেন

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার (৩ জুন) ভোর পৌনে ৪টার দিকে এ রাজনীতিবিদ মারা যান। জানা যায়, দীর্ঘদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ভোরে তার মৃত্যু হয় এবং সকালেই পরিবারের সদস্যরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান।

এ বিষয়ে রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন বলেন, আজ রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।

আজ বিকেল ৪টায় রেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে বলে জানান ফারুক।

বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন প্রভাবশালী এক নাম।

আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা রহমতুল্লাহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। পরে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কথিত আছে রাতের ভোট) আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা