গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বলেন, আমরা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। আপনারা জানেন, আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলি আপনাদের টাকা। আপনারা ওনার জন্য দোয়া করবেন, যেভাবে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদের কামিয়াব করেন।
শনিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে বরুড়ার ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ বক্তব্য রাখেন। এ ক্যাম্পে বিভিন্ন এলাকার চারটি ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের জীবন সদস্য মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ সেবা দেয়া হয়েছে। বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। বরুড়া পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে আমরা ধারাবাহিকভাবে এ সেবা দিয়ে যাবো।