আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থীদের বহনকারী একটি ট্রাক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন।
শনিবার (৩০ মে) দেশটির লাঘমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। এটি রাজধানী কাবুল ও নানগারহার প্রদেশকে সংযুক্তকারী প্রধান মহাসড়কের একটি অংশ।
দেশটির প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ৫ জন নারী রয়েছেন। আহতদের নানগারহার প্রদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, যাত্রীরা পাকিস্তান থেকে ফিরে আসা আফগান নাগরিকদের একটি অংশ ছিলেন।
২০২৩ সালে পাকিস্তান অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার পর থেকে হাজার হাজার আফগানকে দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে ইরানও আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর হার বাড়িয়েছে।
ফলে লাখ লাখ আফগান নাগরিক সাম্প্রতিক বছরগুলোতে দেশে ফিরে এসেছেন, যাদের অনেকেই পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন বা দীর্ঘদিন সেখানে বসবাস করছিলেন।