May 19, 2026, 4:37 am

বকশীগঞ্জে পুকুরে পড়ে প্রাণ হারালেন মৃগী রোগে আক্রান্ত তরুণ

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে ফকির আলী (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়া কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফকির আলী ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের পুকুরপাড়ে যান ফকির আলী। এ সময় হঠাৎ মৃগীর খিঁচুনি উঠলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, নিহত তরুণ আগে থেকেই মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফকির আলীর হঠাৎ মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা