মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার।
শেরপুরের শ্রীবরদী উপজেলার মাদারপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন যেখানে ৩ জনের অবস্থা গুরুতর ।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশরাফুল আলম (২৩)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা শেরপুর জেলা হাসপাতাল ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।