May 17, 2026, 4:42 am

ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি বাড়লো ৪৫ দিন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শেষে ইসরাইল ও লেবানন ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়াতে রাজি হয়েছে। এর ফলে দক্ষিণ লেবাননে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত সাময়িকভাবে নিয়ন্ত্রণে থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতি আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে আলোচনা আরও অগ্রগতি সম্ভব। যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। ওয়াশিংটনে দুই দিনব্যাপী আলোচনার পর ইসরাইল ও লেবাননের প্রতিনিধিদল ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স অনলাইন। গত ২ মার্চ, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ শুরুর তিন দিনের মাথায় হিজবুল্লাহ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এর পর ইসরাইল লেবাননে বিমান হামলা জোরদার করে। ইসরাইলের বোমা হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর কারণে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে দুই দেশের রাষ্ট্রদূতদের প্রাথমিক বৈঠকের পর যুদ্ধবিরতির ঘোষণা দেন। যদিও যুদ্ধবিরতির সময়ে ইসরাইল ইরানে হামলা চালানো অব্যাহত রাখে। পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। সংঘাতের কেন্দ্রবিন্দু এখনো দক্ষিণ লেবানন, যেখানে ইসরাইল নিরাপত্তা অঞ্চল ঘোষণা করে অবৈধভাবে দখল করে রেখেছে। লেবাননের প্রতিনিধিদল জানিয়েছে, তারা আলোচনায় সংঘাত বন্ধ করাকে অগ্রাধিকার দিয়েছে। তবে শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনায় আপত্তি জানিয়েছে। অন্যদিকে ইসরাইল বলছে, লেবাননের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হওয়া এই আলোচনা এমন সময় চলছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যেও কূটনৈতিক তৎপরতা চলছে। ইরান জানিয়েছে, লেবাননে ইসরাইলের যুদ্ধ বন্ধ করা বৃহত্তর সমঝোতার অন্যতম শর্ত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯ মে পেন্টাগনে নিরাপত্তাবিষয়ক নতুন আলোচনা শুরু হবে। এছাড়া ২ ও ৩ জুন আবারও রাজনৈতিক পর্যায়ের বৈঠকে বসবে ইসরাইল ও লেবানন। টমি পিগট বলেন, আমরা আশা করছি এই আলোচনা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি, পারস্পরিক সার্বভৌমত্বের স্বীকৃতি এবং সীমান্তে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে। লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির পাশাপাশি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগোতে চায়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আলোচনায় উত্থান-পতন থাকবে, তবে সফলতার সম্ভাবনা অনেক বেশি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা