মাঠ প্রশাসন ও সরকারের মধ্যে সরাসরি সমন্বয় জোরদারের লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন–২০২৬ শুরু হয়েছে।
রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে তিনি সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় থেকে হেঁটে মিলনায়তনে পৌঁছান এবং কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু করেন।
চার দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এতে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকেরা অংশ নিচ্ছেন।
প্রতি বছরই এই সম্মেলনের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণ, উন্নয়ন কার্যক্রম এবং মাঠ পর্যায়ের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি। তিনি জানান, মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। যাচাই–বাছাই শেষে এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ৪৪টি প্রস্তাব স্বাস্থ্যসেবা খাত সম্পর্কিত।
এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তাঁরা শীর্ষ পর্যায়ের দিকনির্দেশনাও গ্রহণ করবেন।
এছাড়া প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে পৃথক কার্য অধিবেশনও অনুষ্ঠিত হবে, যেখানে মাঠ প্রশাসনের বিভিন্ন বাস্তব সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হবে।