দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আক্রান্তদের ১৪ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
তিনি বলেন, টিকাদান কার্যক্রম চলমান থাকায় আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে জনগণের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং তখন আক্রান্তের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থাটি আরও জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে কাজ চলছে।