April 27, 2026, 11:47 am

আমতলীতে চাঁদা দাবির অভিযোগ প্রত্যাখ্যান, ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহতের বিচার দাবি

বরগুনার আমতলীতে ছাত্রদল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চাঁদা দাবির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ইমরান খান। একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

শনিবার রাতে স্থানীয় নূরজাহান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান খান বলেন, গত শুক্রবার রাতে আমতলী একে স্কুল-সংলগ্ন একটি চায়ের দোকানে বসে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা শহীদ খান বিএনপি, যুবদল ও ছাত্রদলকে নিয়ে কটূক্তি করেন। এ সময় সেখানে উপস্থিত পৌর ছাত্রদলের কর্মী সাকিব এর প্রতিবাদ করলে শহীদ খান তার সহযোগীদের নিয়ে সাকিবের ওপর হামলা চালান।

তিনি আরও জানান, হামলাকারীরা সাকিবকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে আহত সাকিব পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমরান খান অভিযোগ করেন, এ হামলার প্রতিবাদ ও বিচার দাবি করায় শহীদ খান ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা, বর্তমান সদস্যসচিব মো. জালাল আহম্মেদ খান এবং কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, অভিযুক্ত যুবলীগ নেতা শহীদ খান হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, চাঁদা দাবির কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ছাত্রদল কর্মী সাকিবকে কুপিয়ে আহত করার ঘটনা সম্পর্কে জানা গেছে। এ বিষয়ে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা