বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন) কারাগারে থেকেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬ এ অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ রিটটি দায়ের করেন।
রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল গত ৭ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ মে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় ব্যারিস্টার সুমন নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। এ অবস্থায় তার স্বাক্ষর নিশ্চিত করতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রয়োজনীয় অনুমতি ও ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
রিটে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের নিষ্ক্রিয়তার কারণে প্রার্থী কার্যত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ২৭, ৩১ ও ৪০ অনুচ্ছেদে প্রদত্ত সমতা, আইনের আশ্রয় লাভ এবং পেশা নির্বাচনের অধিকারের পরিপন্থী।
এ পরিস্থিতিতে রিটে হাইকোর্টের কাছে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণে নির্দেশনা এবং নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের নিষ্ক্রিয়তাকে বেআইনি ঘোষণা করারও প্রার্থনা করা হয়েছে।
ডেস্ক রিপোর্টার ।