র্যাব-১১ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। একই দিনে রূপগঞ্জে অভিযান চালিয়ে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং একটি বিদেশি মদের বোতলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সুজন মোল্লা (২১), পিতা মৃত ওয়াদুদ মোল্লা, বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা গ্রামে এবং জাবেদ (৩৫), পিতা মৃত নাসির উদ্দিন, বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাসটেকি এলাকায়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এদিকে, একই দিনে রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রাংশ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: