April 19, 2026, 11:44 am

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে দুই ক্লিনিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি ও কদমতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জালকুড়ি এলাকায় অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ কারণে ক্লিনিকটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে কদমতলী এলাকায় অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতালে অভিযান চালানো হলে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে অভিযানের সময় মালিকপক্ষের কাউকে না পাওয়ায় হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একইসঙ্গে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হওয়ার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়।
র‍্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার:

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা