April 19, 2026, 11:48 am

ভাঙ্গায় গৃহবধূ হত্যা: রহস্য ভেদে র‍্যাবের জালে দুইজন

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে উদ্ধার হওয়া গৃহবধূ হাসিনা পারভীন মিনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে অগ্রগতি এসেছে। দীর্ঘদিন ক্লুলেস থাকা এ মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

জানা যায়, নিহত হাসিনা পারভীন মিনু (৪৭) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তুষারধারা আবাসিক এলাকায় ছোট ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে একটি ফোনকল পাওয়ার পর তিনি কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বেগে পড়েন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে তার ছেলে মো. সাইফুর রহমান অপু জানতে পারেন, ফরিদপুরের ভাঙ্গা থানার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। জানা যায়, ভাঙ্গা-ঢাকা মহাসড়কের সার্ভিস লেন সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র‍্যাব-১১, নারায়ণগঞ্জ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। একাধিক সূত্র যাচাই-বাছাই শেষে ৩০ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার ডেমরা থানার মাহামুদনগর এলাকা থেকে মো. জহিরুল ইসলাম খান (৫২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একইদিন বিকেল ৪টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা থেকে অপর আসামি মো. আনিছুর রহমান (৪০) কে আটক করা হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

স্টাফ রিপোর্টার।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা