April 19, 2026, 11:47 am

সোনারগাঁয়ে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি’র একটি চৌকস দল গত ১০ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় র‍্যাব জানায়, রক্সি এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন।

তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ২৮টি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা