February 18, 2026, 12:31 pm

লালমনিরহাটের হাতিবান্ধায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ,উভয় পক্ষের আহত অন্তত ১৫ জন।

মো: মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনী প্রচারণা চলাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি হয়, একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এদিকে ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে একই এলাকায় পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও আহত হন বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তাদের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এলাকায় কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা