মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় গরু চোরাচালানের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬১ বিজিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন শমসেরনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। টহল চলাকালে সীমান্ত পিলার ৮৫৬ থেকে আনুমানিক সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ামারী (রাবার ড্যাম) এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান চালানো হয়।
অভিযানকালে গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় একটি মোটরসাইকেলসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ ইয়াকুর আলী (৪০), পিতা: মৃত ইছাম উদ্দিন। তিনি পাটগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সোহাগপুর গ্রামের বাসিন্দা। অপরজন মোঃ বাহাবুর ইসলাম (৩০), পিতা: মোঃ মহিবার ইসলাম, বাড়ি পাটগ্রাম উপজেলার কাউয়ামারী আজিজপুর গ্রামে।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।