মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলায় ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রভাবে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বুধবার ভোর রাত থেকেই জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক-মহাসড়ক। ফলে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বিপাকে পড়েন সাধারণ মানুষ।
ঘন কুয়াশার কারণে সকালে লালমনিরহাট-বুড়িমারী, লালমনিরহাট-রংপুরসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে দৃশ্যমানতা কমে যায়। অনেক স্থানে কয়েক হাত দূরের কিছুই দেখা যাচ্ছিল না। কিছু সময়ের জন্য দূরপাল্লার যান চলাচলও সীমিত হয়ে পড়ে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও ভ্যানচালকরা। শীতবস্ত্রের অভাবে অনেক অসহায় মানুষকে কনকনে শীতে কষ্ট পেতে দেখা গেছে।
শীতজনিত রোগে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
এদিকে কুয়াশা ও ঠান্ডার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
অভিভাবকরাও শীতের কারণে ছোট শিশুদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
এ অবস্থায় সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং অসহায়দের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।