January 18, 2026, 8:08 am

আড়াইহাজারে মস্তকবিহীন যুবকের লাশ উদ্ধারের চার দিনের মধ্যেই ১ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুর মাঠের পাশে পড়ে থাকা মস্তকবিহীন যুবকের লাশ উদ্ধারের চার দিনের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে পরকীয়াজনিত বিরোধের তথ্য মিলেছে প্রাথমিকভাবে।

শনিবার দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 
তিনি বলেন, শুক্রবার রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত মো. রুহুল আমিন ওরফে রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা। মস্তকবিহিন উদ্ধার হওয়া নিহত ওই রংমিস্ত্রীর নাম আবরাহাম খান ওরফে আলিম খান (২৭)। পিবিআই জানায়, গত ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজারের শ্রীনিবাসদী এলাকায় বালুর মাঠ সংলগ্ন রাস্তার পাশ থেকে রংমিস্ত্রীর মস্তকবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুহুল আমিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পিবিআইয়ের তদন্তে উঠে আসে, নিহতের সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে নিহত ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে রুহুল আমিন ও তার খালা পরিকল্পিতভাবে তাকে হত্যার সিদ্ধান্ত নেন।
গ্রেপ্তারকৃত আসামির খালা ও অন্যান্য জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।##

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা