April 19, 2026, 8:23 pm

ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাই

সিদ্ধিরগঞ্জের একটি গার্মেন্টস কারখানার দুই কর্মকর্তা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের সঙ্গে দুটি মোবাইল ফোনও ছিনতাই করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল নতুন সড়কের ডিএনডি পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ‘ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেলের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদমজী ইপিজেডের ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের অ্যাকাউন্টস অফিসার মো. নুরুল ইসলাম (৬২) ও আরেক কর্মকর্তা নাজমুল হাসান হীরাঝিল এলাকার ইসলামী ব্যাংক শিমরাইল শাখা থেকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা রিকশার জন্য অল্প খানিক পথ এগিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে আচমকা সাদা রঙের একটি প্রাইভেটকারে এসে তাদের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। গাড়িটির গতি থাকায় তারা প্লেট নাম্বারটি দেখতে পারেননি।

এ বিষয়ে ইমেজ এসপি প্যাকেজিং লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ইলিয়াস হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় আমি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, তদন্তের দায়িত্ব অন্য অফিসারের কাছে। আমিও তার সঙ্গে ঘটনাস্থলে এসেছি। আমরা সিসি টিভির ফুটেজ দেখার চেষ্টা করছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা