April 18, 2026, 10:56 am

ইউনূস সরকারের সংস্কাররে বাস্তবায়ন : গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে চ্যালঞ্জে ও সম্ভাবনা  সংস্কার কি সম্ভব? ইউনূস সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভাবনা  সংস্কাররে বাস্তবায়ন: ইউনূস সরকাররে ভাবনা ও রাজনতৈকি দলরে ভূমকিা

মীর আব্দুল আলীম :ড. ইউনুস সরকার এক নতুন আশার আলো দেখাচ্ছে। তবে এই আলোর পূর্ণ প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি। জাতির স্বার্থে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ ত্যাগ করে, সরকারকে সঠিকভাবে সহায়তা করা আজ সময়ের দাবি। বাংলাদেশে রাজনৈতিক সংস্কার, প্রশাসনিক কার্যক্রম এবং আইনগত পরিবর্তন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এসব সংস্কারের বাস্তবায়ন কখনও সহজ হয়নি। দেশের শাসন কাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনতে যে সংস্কারের প্রস্তাবনা চলমান সময়ে উঠে এসেছে, তা ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন এবং কার্যকর শাসন ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সম্প্রতি চারটি সংস্কার কমিশন তাদের সুপারিশসংবলিত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন, যা রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এসব সংস্কারের বাস্তবায়ন কিভাবে সম্ভব? এর জন্য কি রাজনৈতিক দলগুলোর সমর্থন প্রয়োজন, নাকি এটি কেবল বর্তমান সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল? এসব প্রশ্নের উত্তর দেশের ভবিষ্যৎ জন্য গুরুত্বপূর্ণ।
জাতীয় স্বার্থে ড. ইউনুস সরকারের প্রতি সহযোগিতা প্রয়োজন:
বাংলাদেশ বর্তমানে এক জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে। এই সংকটময় সময়ে ড. ইউনুস সরকার পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তবে সরকার যে সদিচ্ছা নিয়ে এগিয়ে চলেছে, তা পূর্ণ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অপরিহার্য।
ড. ইউনুস সরকার দেশের রাজনীতিকে একটি স্থিতিশীল পথে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিপূর্ণ সংস্কার ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা শুধু দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে না, বরং অর্থনৈতিক সংকট কাটিয়ে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করবে। তবে রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ দ্রুত নির্বাচন চায়। এই চাহিদার মধ্যে অনেক যুক্তি থাকলেও, দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পরিপূর্ণ সংস্কারের উদ্যোগকে সময় দেওয়া উচিত। বিশেষ করে অন্তর্র্বতীকালীন সময়ে সব রাজনৈতিক দলের দায়িত্ব হলো জাতির বৃহত্তর স্বার্থে সরকারকে সহযোগিতা করা।
সহযোগিতার অভাব ও প্রভাব :
দুর্ভাগ্যজনকভাবে, কিছু রাজনৈতিক দল সরকারের প্রচেষ্টার বিরোধিতা করছে। আওয়ামী লীগের চরম বিরোধিতা এবং অন্যান্য দলের নির্লিপ্ততা ড. ইউনুস সরকারের সংস্কার উদ্যোগের পথে বাধা সৃষ্টি করছে। যদি এই সহযোগিতা আরও জোরালো হতো, তবে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং রাজনীতিতে শৃঙ্খলা আনার প্রক্রিয়া ত্বরান্বিত হতো। বাংলাদেশের অর্থনৈতিক সংকট নিরসন এবং গণতন্ত্রের বিকাশের জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অপরিহার্য। ড. ইউনুস সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুততর হবে। রাজনীতিতে পারস্পরিক আস্থা ও সম্মান বৃদ্ধি পাবে।
জাতীয় ঐক্য আলোর মুখ দেখাচ্ছে এক নতুন সম্ভাবনা :
জাতীয় ঐক্য কোনো জাতির জন্য একটি শক্তিশালী ভিত্তি, যা ভিন্নমত পোষণকারী রাজনৈতিক দল, সামাজিক গোষ্ঠী এবং সাধারণ জনগণের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠে। এটি শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির দিকেও একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের অগ্রগতি আলোর মুখ দেখাচ্ছে, যা দেশের সংকট উত্তরণের পাশাপাশি সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে রাজনৈতিক বিভাজন, মতপার্থক্য এবং সংকটের কারণে জাতি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ ধরনের পরিস্থিতি শুধু জাতীয় উন্নয়নকে ব্যাহত করেছে না, বরং সামাজিক ভাঙনের ঝুঁকিও বাড়িয়েছে। জাতীয় ঐক্য এই বিভেদকে দূর করে একটি সুষম, শক্তিশালী ও টেকসই সমাজ গড়ে তোলার পথ উন্মোচন করতে পারে। বিশ্বজুড়ে উদাহরণ রয়েছে যে, জাতীয় ঐক্য কেবলমাত্র সংকট মোকাবিলায় নয়, বরং দীর্ঘমেয়াদে উন্নত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখে। যেমন, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের পর ঐক্যবদ্ধ রাজনীতি একটি নতুন দিগন্তের সূচনা করেছিল। একইভাবে, বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় ঐক্য নতুন সম্ভাবনা উন্মোচন করতে পারে।
জাতীয় ঐক্যের পথে চ্যালেঞ্জ :

ক. রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থন না থাকা:
সংস্কারের বাস্তবায়ন মূলত রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভরশীল। তবে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে যে প্রতিপক্ষের প্রতি অবিশ্বাস এবং বিরোধিতা রয়েছে, তা সংস্কারের পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম মতপার্থক্য এবং বিরোধী দলের সন্দেহের কারণেও সংস্কারের কিছু প্রস্তাব কার্যকর হওয়ার সম্ভাবনা কম। অতীতে দেখা গেছে, বহু সংস্কারের প্রতিবেদন গ্রহণের পরও তা বাস্তবায়িত হয়নি শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে।
খ. সাংবিধানিক ও আইনি পরিবর্তন:
প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সীমিত করার মতো কিছু সংস্কার প্রস্তাব সাংবিধানিক পরিবর্তনের দাবি রাখে। তবে, সাংবিধানিক পরিবর্তন করাও সহজ নয়। রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া এসব সংস্কার সম্ভব নয়। অতীতে এরকম পরিবর্তন অনেক সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে, সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন আটকে থাকতে পারে।
গ. প্রশাসনিক দক্ষতার অভাব:
যদিও প্রশাসনিক সংস্কারের জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ প্রস্তাবিত হয়েছে, তবুও বাস্তবায়নের জন্য প্রশাসনিক দক্ষতার প্রয়োজন রয়েছে। বর্তমান প্রশাসনিক কাঠামো অনেক সময় রাজনৈতিক দলগুলোর প্রভাবের কাছে হেরে যায়। এই অবস্থায়, সংস্কারের সুফল বাস্তবায়ন করা কঠিন হতে পারে।
উপসংহার:
বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন কেবল সরকার বা বিরোধী দলের হাতেই নয়, বরং তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই লক্ষ্য অর্জন করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছা, জনগণের আস্থা এবং সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে সংস্কারের প্রস্তাবনা বাস্তবায়িত হতে পারে। তবে, রাজনৈতিক দলের মধ্যে সংলাপ এবং সমঝোতার প্রয়োজনীয়তা অপরিসীম। বর্তমান রাজনৈতিক পরিবেশে যদি ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং জনগণের স্বার্থে কাজ করা হয়, তবে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।
লেখক- মীর আব্দুল আলীম, সাংবাদিক, সমাজ গবেষক, মহাসচিব-কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা