সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার আসামি একজন, সামারি ট্রায়াল মামলার আসামি পাঁচজন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত দুজন, মাদক মামলার একজন এবং ডাকাতির প্রস্তুতি ও দস্যুতা মামলার আসামি দুজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী মামলার আসামি মো. নুরুল আমিন (৪৫)। সামারি ট্রায়াল মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. জাকির হোসেন (৪০), মামুন গাজী (৩৮), মো. আমির হোসেন (৩৮), মো. হৃদয় হোসেন (২৭) ও মো. আমিনুল ইসলাম মুসা (৪১)।
সিআর পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন সুবর্ণা (২৫) ও মো. বাদশা আহম্মেদ (৩৮)। মাদক মামলায় গ্রেপ্তার মো. হাসান (২৮)। তাঁর কাছ থেকেই ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি ও দস্যুতা মামলায় গ্রেপ্তার হয়েছেন মো. নাসির উদ্দিন (৩৫) ও মো. আনাছ মিয়া (২৮)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর। এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।
কালেরচিত্র/আসাদ