November 19, 2026, 8:47 pm

আগুন লাগলে আতঙ্ক নয়, কল করুন ১০২-এ : নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিসের সচেতনতা সভা

অগ্নিকাণ্ডসহ জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ‘১০২’ ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতা ও প্রাথমিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ‘১০২’-এর প্রচারণা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণবিষয়ক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ এবং সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি। এ ছাড়া নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় জানানো হয়, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ‘১০২’ নম্বরে কল করা যাবে। সাধারণ মানুষের মধ্যে এই নম্বরের পরিচিতি ও ব্যবহার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

সভায় অগ্নিকাণ্ডের কারণ, আগুন প্রতিরোধে করণীয়, আগুন লাগলে তাৎক্ষণিক পদক্ষেপ, অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বেরিয়ে আসার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় আগাম সতর্কতা, সচেতনতা ও প্রাথমিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার সময় দ্রুত সহায়তা পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর ‘১০২’ সম্পর্কে সবাইকে জানতে হবে।

সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলে চলবে না। ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা