November 7, 2026, 9:30 am

মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত ৩

জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের আট মাস বয়সী শিশুকন্যা রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) ও আট মাস বয়সী মেয়ে রিফা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোরিকশাটি মেলান্দহের শিমুলতলী থেকে জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোরশেদ আলমের মৃত্যু হয়। তার স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ আসাদ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা