November 7, 2026, 9:38 am

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ধরে নেওয়ার অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মনিরুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি ও রাবার বুলেট ছুড়ে আহত করার পর ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ঘটনার পর থেকে মনিরুলের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর সীমান্তের বিপরীতে ভারতের পুটিখালী এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুল উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজনের একটি দল সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যায়। এ সময় ভারতের পুটিখালী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে। এতে মনিরুলের পায়ে গুলি লাগে। এ ছাড়া পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

এ সময় তাঁর সঙ্গে থাকা অন্য ছয়জন পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

মনিরুলের সঙ্গে থাকা ব্যক্তিরা হলেন একই এলাকার রাশেদ (৩২), আনিছ (৩৫), সোহান (২৫), শাওন (২৬), মিন্টু (৩৮) ও মশিয়র (৪০)।

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, শুক্রবার সন্ধ্যার পর সীমান্তের কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। পরে তাঁরা জানতে পারেন, মনিরুলকে গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সীমান্তে এক ব্যক্তিকে গুলি করে ধরে নিয়ে যাওয়ার খবর তাঁরা পেয়েছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর তাহসিন জানান, হরিহরনগর সীমান্তে বিএসএফের গুলি চালানো এবং একজনকে ধরে নিয়ে যাওয়ার তথ্য তাঁদের কাছে এসেছে। তবে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে, সীমান্তে গুলি চালানোর ঘটনার প্রতিবাদ এবং আটক যুবকের বিষয়ে জানতে বিএসএফকে জরুরি পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। আজ শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা