October 5, 2026, 3:48 pm

কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :

‘সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।
​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা বলেন, “ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত নগরায়ণ ও সার্বজনীন বাসস্থানের কোনো বিকল্প নেই। কুড়িগ্রামের মতো নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকায় গৃহহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য টেকসই আবাসনের ব্যবস্থা করা একটি বড় চ্যালেঞ্জ। কৃষি জমি রক্ষা করে প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ বাসস্থানের সংস্থান করতে রাষ্ট্র ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”
​তিনি আরও বলেন, “নগরায়ণ মানে কেবল ইট-পাথরের ইমারত গড়ে তোলা নয়; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই হলো টেকসই নগরায়ণ। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রক্রিয়ার বাইরে রেখে সুষম উন্নয়ন সম্ভব নয়।”
​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি প্রমুখ।
​বক্তারা তাঁদের বক্তব্যে নদীভাঙনকবলিত কুড়িগ্রামের সাধারণ মানুষের আবাসন সংকট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাসযোগ্য শহর গড়ে তোলার দাবি জানান।
​অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা