September 24, 2026, 2:35 pm

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নিজস্ব প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবারের সংঘর্ষে আহত হওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

নিহত হাসান শেখ উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় সোহেল মেম্বার ও আবেদ শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়ায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান গুলিবিদ্ধ হাসান শেখ।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে হাসান শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা