জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়ন, শিশুস্বাস্থ্য, টিকাদান কর্মসূচি, সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন সরবরাহ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা হয়।
এ সময় উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও তাঁদের আধুনিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত ডিজিটাল পাবলিক হেলথ কেয়ার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি
এদিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি সই হয়েছে।
বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় দুই দেশের সংশ্লিষ্ট পাসপোর্টধারীরা নির্ধারিত শর্তে ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। এর ফলে সরকারি পর্যায়ের সফর ও দুই দেশের পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে।