September 23, 2026, 6:58 pm

জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব পেজেশকিয়ানের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণের সময় সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গেছে মার্কিন প্রতিনিধিদল।

বুধবার পেজেশকিয়ান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মার্কিন প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে যায়। এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী ভাষণের সময় একইভাবে অধিবেশন ত্যাগ করেছিল ইরানের প্রতিনিধিদল।

ভাষণে পেজেশকিয়ান বলেন, মার্কিন আগ্রাসন ও যুদ্ধের মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। তবে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে কূটনীতির প্রতি তেহরানের আস্থা রয়েছে বলেও জানান তিনি।

হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল সীমিত বা বন্ধ করে ইরানকে বঞ্চিত করা মেনে নেওয়া হবে না। সেখানে মার্কিন নৌবহরের স্থায়ী উপস্থিতি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে না বলেও সতর্ক করেন তিনি।

এর আগে মঙ্গলবারের ভাষণে ট্রাম্প ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেন। পেজেশকিয়ান ওই বক্তব্যের জবাবে বলেন, ট্রাম্প ইরানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন, অথচ ইরান নিজেই সন্ত্রাসবাদের শিকার।

ভাষণের শুরুতে পেজেশকিয়ান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় তেহরানের একটি স্কুলে নিহত শিশুদের ছবি প্রদর্শন করেন। তিনি এসব হামলার সমালোচনা করে বক্তব্য দেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও অবস্থান তুলে ধরেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের পারমাণবিক বোমার প্রয়োজন নেই। দেশের উন্নয়নের জন্য শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রয়োজন। পারমাণবিক প্রযুক্তি কয়েকটি দেশের একচেটিয়া নিয়ন্ত্রণে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা